
ভোক্তাদের জন্য স্বস্তির খবর নিয়ে জুন মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিইআরসি এ তথ্য জানায়। কমিশন জানিয়েছে, নতুন মূল্যহার মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে সারা দেশে কার্যকর হবে।
শুধু গৃহস্থালি ব্যবহারের এলপিজিই নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৯ দশমিক ৫০ টাকা থেকে কমে ৮৬ দশমিক ৯৩ টাকায় নির্ধারিত হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল বিইআরসি এক ধাপে ৩৮৭ টাকা বাড়িয়ে একই সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৭ টাকা নির্ধারণ করেছিল। ফলে এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল।
বিশ্ববাজারে এলপিজির মূল্য ওঠানামা এবং আমদানি ব্যয়ের ভিত্তিতে প্রতি মাসে স্থানীয় বাজারে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে বিইআরসি। জুন মাসে আন্তর্জাতিক বাজারে মূল্য কিছুটা কমায় দেশের ভোক্তারাও এর সুফল পাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন এই মূল্য কার্যকরের ফলে গৃহস্থালি ও বাণিজ্যিক খাতে এলপিজি ব্যবহারকারীদের ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।