
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, স্বৈরাচার ও চাঁদাবাজ এক হয়ে দেশ ধ্বংসের নীলনকশা করছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে এনসিপির জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপিকে ঘিরে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এখনো দেশে শান্তি ফিরে আসেনি। আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে বলেও অভিযোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ নাগরিক সভার আয়োজন করে এনসিপি। সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে পারতেন না। তার অভিযোগ, আগে যারা অর্থ পাচার করেছিল, তাদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন পর্যায়ে সিন্ডিকেট গড়ে ওঠায় পণ্যের দাম বেড়েছে, যার চাপ সামলাতে হচ্ছে সাধারণ মানুষকে।
নাহিদ ইসলাম বিএনপির ভেতরে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কারের আহ্বান জানান। তিনি বলেন, এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না।
প্রশাসনের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও বক্তব্য দেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নির্বাচিত হওয়ার পর তারা আশা করেছিলেন, দলটি দেশের মানুষের সরকার হয়ে উঠবে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ ও সারের ডিলার নিয়োগের ঘটনায় বিএনপি জনগণের সরকার হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
সারজিস আলমের অভিযোগ, সারের ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের অভিজ্ঞতা ও যোগ্যতার পরিবর্তে সংসদ সদস্যদের ছেলে কিংবা আত্মীয়স্বজনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সভায় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্য সচিব ঋজু মোর্শেদ, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন, জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিনসহ নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরা। সভাটি সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্য সচিব সবুজ তালুকদার।