
বিশ্বজুড়ে ডিজেলের সরবরাহ সংকট ২০২৭ সালের অনেকটা সময় পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। বুধবার প্রকাশিত সংস্থাটির মাসিক তেলবাজার প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
আইইএর মতে, মধ্যপ্রাচ্য ও রাশিয়াকে ঘিরে সংঘাতের কারণে জ্বালানি উৎপাদন ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক ডিজেল বাজারে। সংকট দীর্ঘায়িত হলে জ্বালানির উচ্চমূল্য মূল্যস্ফীতি বাড়াতে পারে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
আইইএ জানিয়েছে, ডিজেল সংকট কাটানোর বিষয়টি অনেকটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ স্বাভাবিক হওয়ার ওপর। এ অঞ্চলের দেশগুলো আগের মতো জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারলে সংকট কমার সুযোগ তৈরি হবে।
গুরুত্বপূর্ণ নৌপথে বিঘ্ন ঘটায় উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি কমেছে। পাশাপাশি ইরানের পাল্টা হামলায় ওই অঞ্চলের কয়েকটি দেশের তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারণে গত কয়েক সপ্তাহে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
জ্বালানির বাড়তি দামের চাপ সামাল দিতে কয়েকটি দেশের সরকার কর কমিয়েছে বা ভর্তুকি দিয়েছে। কিছু দেশ আবার কৌশলগত মজুত থেকে জ্বালানি বাজারে সরবরাহ করেছে। তবে এসব মজুত পরবর্তী সময়ে পুনরায় পূরণ করতে হবে।
আইইএর পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের প্রথম তিন মাসে তেল শোধনাগারগুলো যুদ্ধের আগের উৎপাদন সক্ষমতায় ফিরতে পারে। এতে ওই সময়ে চাহিদার তুলনায় ডিজেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে উৎপাদন বাড়লেও ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া ডিজেলের ঘাটতি পুরোপুরি পূরণ করা সম্ভব হবে না বলে মনে করছে সংস্থাটি।