
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিয়ম লঙ্ঘনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইরানের এই বাহিনী। তাদের দাবি, জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল এবং যাত্রা শুরুর পর থেকে পরিচয় শনাক্তকরণ ও নৌ চলাচলসংক্রান্ত বিভিন্ন যন্ত্র বন্ধ রেখেছিল।
আইআরজিসির নৌবাহিনীর দাবি, ট্যাংকারটি প্রণালির নির্ধারিত নিয়ম উপেক্ষা করে অনুমোদনহীন দক্ষিণ পথ দিয়ে যাওয়ার সময় নৌ মাইনের সংস্পর্শে আসে। এতে বিস্ফোরণ ঘটে এবং জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে জাহাজটির নাম, এর মালিকানা, হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। ইরানি বাহিনীর দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্যও এখানে পাওয়া যায়নি।
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো পরিচয় শনাক্তকরণ এবং নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী।
বাহিনীটির বক্তব্য, নৌ চলাচলের নিয়ম মেনে চলা এবং জাহাজের পরিচয় ও অবস্থানসংক্রান্ত তথ্য সচল রাখা জরুরি। নিয়ম অমান্যকারী জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। ফলে এ অঞ্চলে জাহাজ চলাচল ঘিরে নিরাপত্তাজনিত যেকোনো ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যের ওপর প্রভাব ফেলতে পারে।