
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া প্রথম আলোকে এ তথ্য জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে আলম শেখকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে শিশু চোর সন্দেহ করেন।
পরে তাঁরা আলম শেখের কাছে হাসপাতালে আসার কারণ জানতে চান। তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে জানান এসআই রিমন মিয়া। এরপর ক্ষুব্ধ হয়ে কয়েকজন তাঁকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নিয়ে যান এবং মারধর করেন বলে পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে।
মারধরের একপর্যায়ে আলম শেখের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর পুলিশ আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই রিমন মিয়া জানান, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মস্তিষ্কে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
আঙুলের ছাপ মিলিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আলম শেখ রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় বসবাস করতেন।
মারধরের খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করা হয়। পরে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলম শেখের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ নিতে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।
শিশু চুরির সন্দেহে এই মারধরের ঘটনা ঘটলেও, আলম শেখের বিরুদ্ধে শিশু চুরির অভিযোগ প্রমাণিত হওয়ার কোনো তথ্য পুলিশের বক্তব্যে উল্লেখ করা হয়নি।