
আত্মপ্রকাশের প্রায় সাড়ে সাত মাস পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটি ভেঙে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন এনসিপির সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। আগের কমিটিতে তিনি ছিলেন সদস্যসচিব।
নতুন কমিটিতে সদস্যসচিব করা হয়েছে নুসরাত তাবাসসুমকে। আগের কমিটিতে তিনি ছিলেন মুখ্য সংগঠক, যা সংগঠনটির তৃতীয় শীর্ষ পদ। আর মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মনজিলা ঝুমা।
আজ রোববার দুপুর সোয়া ১২টার পর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে তিন সদস্যের নতুন আংশিক কমিটি প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে সংগঠনের আহ্বায়কের পদ থেকে মনিরা শারমিনকে সরিয়ে দেওয়া হলো।
গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ ঘটে। সে সময় সংগঠনটির আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্যসচিব হিসেবে মাহমুদা আলম মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়েছিল।
পরে ১৮ এপ্রিল সংগঠনটির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আজ সেই কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে নতুন কমিটি অনুমোদনের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
গত এপ্রিলে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রথমে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতুর নাম দলীয়ভাবে চূড়ান্ত করেছিল এনসিপি। তবে নির্বাচন কমিশনের বাছাইয়ে মনিরার মনোনয়নপত্র বাতিল হয়।
অন্যদিকে, নুসরাত তাবাসসুমও সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্ধারিত সময়ের পরে জমা দিতে যাওয়ায় প্রথমে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। পরে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র গ্রহণ করে। শেষ পর্যন্ত তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
নারীশক্তির শীর্ষ নেতৃত্ব থেকে বাদ পড়লেও মনিরা শারমিন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুমও দলটিতে একই পদে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, নতুন কমিটির মুখ্য সংগঠক মনজিলা ঝুমা এনসিপির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, নারীশক্তির দায়িত্ব ছাড়ার বিষয়ে মনিরা সম্প্রতি এনসিপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেন। সূত্রটির ভাষ্য অনুযায়ী, মনিরার সঙ্গে মাহমুদা ও নুসরাতের সমন্বয়ের ঘাটতি ছিল। এর ফলে সংগঠনের কার্যক্রমে একধরনের স্থবিরতা তৈরি হয়।
এ বিষয়ে জানতে চাইলে মনিরা শারমিন প্রথম আলোকে বলেন, ‘এটি দলের সিদ্ধান্ত। দলের পক্ষ থেকে আমাকে হয়তো অন্য কোনো দায়িত্বের জন্য বিবেচনা করা হচ্ছে। আমাদের দুজন নারী সংসদ সদস্য নারীশক্তির শীর্ষ নেতৃত্বে এসেছেন। তাঁদের প্রতি আমার শুভকামনা থাকবে।’