
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসরের তিন বছরের মধ্যে নির্বাচনে অংশ নিতে পারবেন না—এমন বিধান চ্যালেঞ্জ করে করা চারটি পৃথক রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে সংশ্লিষ্ট বিধান বহাল থাকছে।
গত ৪ ডিসেম্বর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সংশ্লিষ্ট আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রিট আবেদনগুলো খারিজ করেন।
রিট আবেদনগুলোতে বলা হয়, নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নাগরিকের সাংবিধানিক অধিকারের সঙ্গে সম্পর্কিত। সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা সংবিধানের ২৭ অনুচ্ছেদে বর্ণিত আইনের দৃষ্টিতে সমতা ও সমান অধিকারের নীতির পরিপন্থী।
তবে এসব যুক্তি তুলে ধরে করা রিট আবেদনগুলো আদালত খারিজ করে দেন।
গত ২৯ নভেম্বর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চে রিট পিটিশন ও সংশ্লিষ্ট রুলের শুনানি শেষ হয়। পরে ৪ ডিসেম্বর আদালত রিট আবেদনগুলো খারিজ করে রায় দেন।