
শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের জোড়া পাম্প হাওড়া খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল শেরপুরের নকলা উপজেলার বারোমাইশা গ্রামের হাবুল মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থেকে নকলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা হাওড়া খানবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় সড়কের পাশে একটি ড্রামট্রাক দাঁড়িয়ে ছিল।
সংঘর্ষে সিএনজির যাত্রী জুয়েল ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। পরে আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহত চারজনের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ থানায় আনার পর ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।