
নড়াইলের কালিয়ায় মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং নদীর মৎস্যসম্পদ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার নবগঙ্গা নদীর কালিয়া ফেরিঘাট থেকে পেড়লি ঘাট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তিনটি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল উপজেলার কাঞ্চনপুর ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মৎস্য বিভাগের এ অভিযানের লক্ষ্য ছিল মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধের মাধ্যমে নদীর মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবিস্তার রক্ষা করা।
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পরিচালক এইচ এম বদরুজ্জামান, নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক মো. জিল্লুর রহমান এবং কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস।
এ ছাড়া বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত সংরক্ষণ অভিযান আগামী ২৯ অক্টোবর শেষ হবে।
তিনি আরও জানান, নির্ধারিত অভিযান শেষ হলেও নদীর মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে মৎস্য বিভাগের নজরদারি অব্যাহত থাকবে।