অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করবে বলে মনে করেন তিনি।

বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে নিজ নিজ কাজের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁদের জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও জনকল্যাণমূলক কার্যক্রমের কথা মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান। তাঁদের কাজের প্রশংসা করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে তিন ব্যক্তি আবেগাপ্লুত হয়ে পড়েন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠনে তাঁদের মতো মানুষের অনেক প্রয়োজন। সবাই এভাবে এগিয়ে এলে দেশ গড়ার কাজ আরও সহজ হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা তিন ব্যক্তি হলেন—বুয়েট থেকে পড়াশোনা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।

বুয়েট থেকে পড়ে শিক্ষকতা করছেন নায়লা শারাফ

নায়লা শারাফের পেশা নির্বাচনের ব্যতিক্রমী গল্পও উঠে আসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা শেষ করে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

৩৪তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন তিনি। গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন নায়লা।

বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহজ ও কার্যকর করতে তিনি নিজেই শিক্ষা উপকরণ এবং ডিজিটাল কনটেন্ট তৈরি করেন। তাঁর এ উদ্যোগ শিশুদের শিক্ষার উন্নয়নে ব্যক্তিগত প্রচেষ্টার একটি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়।

দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা আলতাফ হোসেনের

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা আরেক অনুপ্রেরণাদায়ী ব্যক্তি নরসিংদীর মো. আলতাফ হোসেন। জন্ম থেকেই তাঁর দুই হাত নেই। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁর পথচলায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

পা দিয়ে লেখা শেখার পর ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় তিনি প্রতিষ্ঠা করেন ‘প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল’। নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থ দিয়ে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। সেখানে কর্মরত রয়েছেন ১০ জন শিক্ষক।

আলতাফ হোসেন পা দিয়েই লেখালেখি করেন এবং বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। তাঁর জীবনসংগ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কথা শুনে প্রধানমন্ত্রী নতুন স্কুলভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান উপ-প্রেস সচিব হাসান শিপলু।

নিজের উদ্যোগে হাজার হাজার গাছ লাগিয়েছেন বাবুল

ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুল দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রম ব্যয় করে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি।

পৈতৃক সম্পত্তি বিক্রি করে একটি নার্সারি গড়ে তোলেন বাবুল। সেখান থেকে উৎপাদিত চারা বিভিন্ন এলাকায় রোপণ শুরু করেন। তাঁর লাগানো অধিকাংশ গাছ এখন পথচারীদের ছায়া দিচ্ছে।

পরিবেশের উন্নয়নে দীর্ঘদিন ধরে তাঁর এই নিরলস প্রচেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা তিন ব্যক্তির অন্যতম অনুপ্রেরণাদায়ী উদ্যোগ হিসেবে উঠে আসে।

জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান

তিন ব্যক্তির কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের নিজ নিজ উদ্যোগ অব্যাহত রাখতে উৎসাহ দেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সহযোগিতার আশ্বাসও দেন।

সমাজের উন্নয়ন ও দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাঁদের কাজের মধ্য দিয়ে সেই বার্তাই উঠে এসেছে। শিক্ষা, প্রতিবন্ধকতা জয় করে প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় তাঁদের প্রচেষ্টা অন্যদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু ইরানের নয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সব মুসলমানের শত্রু: খাম

1

শিশু-কিশোরের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিন

2

‘উড়িয়ে দেব পুরো ইরান’ : ট্রাম্প

3

বিটিভিতে বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার

4

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা

5

এমবাপ্পের হ্যাটট্রিক দেখে মরিনিও বললেন, ‘অবিশ্বাস্য’

6

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ গ্রহণ

7

আরব আমিরাত ও জাহাজে হামলাকে ‘অযৌক্তিক’ বললেন ম্যাক্রোঁ

8

জীবন ও সম্মান বাঁচাতে চুপ ছিলাম: মাহফুজ আলম

9

পাকিস্তানকে সিন্ধুর পানি না দেওয়ার হুঁশিয়ারি রাজনাথের

10

গ্রুপ পর্বের সেরা একাদশে মেসিসহ কারা আছেন? দেখে নিন

11

ভাইরাল সেই বিউটি রানী জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

12

ব্রাজিল, জার্মানির ভাগ্যে কী আছে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্ব

13

মায়ের হাত ফসকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

14

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সহিংসতা, বাড়ছে নিরাপত্তা উদ্বে

15

আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: ফ্রান্সের কোচ দেশম

16

বিশ্বকাপে‘হাইড্রেশন ব্রেক’, নাকি বাণিজ্যের নতুন খেলা?

17

অন্তর্বর্তীর অদক্ষতায় ফোকলা অর্থনীতি

18

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

19

বিশ্বকাপ ঘিরে ব্যবসার আশা, বাড়ছে শঙ্কা

20