আনুষ্ঠানিকভাবে মার্ক কুকুরেয়াকে দলে স্বাগত জানিয়েছে রিয়াল মাদ্রিদ। সোমবার (২৪ আগস্ট) ভালদেবেবাসে ক্লাবের স্পোর্টস সিটিতে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই তারকাকে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দিনটিকে নিজের ও পরিবারের জন্য অত্যন্ত বিশেষ ও স্মরণীয় বলে উল্লেখ করেছেন কুকুরেয়া।
উপস্থাপনা অনুষ্ঠানে স্পেনের এই ফুটবলার বলেন, ‘এটি সম্মানের একটি বিষয়। আমার ও আমার পরিবারের জন্য এটি বিশেষ একটি দিন। গ্রীষ্মকালটি বেশ দীর্ঘ বলে মনে হয়েছিল। তবে গত কয়েক সপ্তাহ আমি দারুণ উপভোগ করেছি এবং আমি ভীষণ সুখী। বিশ্বের সেরা ক্লাবের জার্সিতে পরা আমার জন্য গর্বের—যে ক্লাবটি অতীতে সব জয় করেছে এবং ভবিষ্যতে যা যা জেতা বাকি রয়েছে। আশা করি, এটি একটি চমৎকার অধ্যায় হবে এবং আমরা অনেক ট্রফি জিতব।’
তিনি আরও বলেন, ‘বার্নাব্যুতে নামার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। অতিথি দলের খেলোয়াড় হিসেবে আমি আগেও বার্নাব্যুতে খেলেছি এবং জানি এই স্টেডিয়াম কতটা অভিজাত ও নজরকাড়া। প্রতিপক্ষ হিসেবে আমি রিয়ালের মহাকাব্যিক রূপকথা ও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের দৃশ্যগুলো দেখেছি—যেখানে মনে হয় ম্যাচ শেষ হয়ে গেছে, ঠিক তখনই ১০ মিনিটের মধ্যে সবকিছু বদলে যায়।’