দেশে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে গত মে মাসের দুর্ঘটনার পরিসংখ্যান। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, মে মাসে সারাদেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৭০৫ জন।
বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত প্রতিবেদনটি গত ৯ জুন প্রস্তুত করা হয় এবং ১১ জুন অনলাইনে প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৪৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫২ জন এবং আহত হয়েছেন ২৮০ জন। দুর্ঘটনার সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে ১৪৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৩ জন এবং আহত হয়েছেন ১১৪ জন।
এছাড়া রাজশাহী বিভাগে ৭০টি দুর্ঘটনায় ৭৭ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। খুলনা বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৯৮ জন। বরিশাল বিভাগে ২৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে ৩৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৮ জন, আহত হয়েছেন ৫৩ জন। রংপুর বিভাগে ৬৫টি দুর্ঘটনায় ৬৬ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে ৩১টি দুর্ঘটনায় ৪১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মে মাসে সংঘটিত দুর্ঘটনাগুলোতে মোট ৮৯০টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ট্রাক ও কাভার্ডভ্যান ছিল ১৮৩টি, মোটরসাইকেল ১৭৮টি, বাস ও মিনিবাস ১২১টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের যানবাহন ছিল উল্লেখযোগ্য সংখ্যায়।
যানবাহনভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। মে মাসে মোটরসাইকেল সংশ্লিষ্ট দুর্ঘটনায় ১৫৯ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর একটি বড় অংশ। এছাড়া ট্রাক ও কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৮৫ জন, বাস ও মিনিবাস দুর্ঘটনায় ৫৪ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৫০ জন এবং ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া পিকআপ দুর্ঘটনায় ৩০ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১৭ জন, ভ্যান দুর্ঘটনায় ১৬ জন, মোটরকার বা জিপ দুর্ঘটনায় ১০ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ৮ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৬ জন এবং মাইক্রোবাস দুর্ঘটনায় ৫ জন প্রাণ হারিয়েছেন। অন্যান্য যানবাহন সংশ্লিষ্ট দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ১১২ জন।
সর্বমোট, মে মাসে দেশের সড়কগুলোতে ৫৭৫টি দুর্ঘটনায় ৫৮৬ জনের প্রাণহানি এবং ৭০৫ জন আহত হওয়ার ঘটনা সড়ক নিরাপত্তা পরিস্থিতিকে আবারও সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি চালকদের সচেতনতা বৃদ্ধি, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ এবং সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন জরুরি।
মন্তব্য করুন