আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ফাইনালের আগে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে থামানোর উপায় নিয়ে রসিকতা করেছেন । তার মতে, বার্সেলোনার এই তারকাকে ঠেকানোর সবচেয়ে সহজ উপায় হলো তাকে মাঠেই নামতে না দেওয়া।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচটির আগে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন স্পেনের ১৯ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল, যার দুর্দান্ত পারফরম্যান্স মুগ্ধ করেছেন ফুটবলবিশ্বকে।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইয়ামালকে কীভাবে আটকাবেন— এমন প্রশ্নের জবাবে হাস্যরস করে স্কালোনি বলেন, ইয়ামালকে থামানোর উপায়? ইচ্ছা করে ওকে তার রুমে তালাবন্দি করে রাখি।
এরপর অবশ্য তিনি গম্ভীর সুরে তরুণ এই ফুটবলারের প্রশংসা করেন।
স্কালোনি বলেন, সে অসাধারণ একজন ফুটবলার, ফুটবলের জন্য এক অমূল্য সম্পদ। এখনও সে অনেক তরুণ, ভবিষ্যতে এই খেলাকে আরও অনেক কিছু উপহার দেওয়ার সামর্থ্য তার আছে।
তবে শুধু ইয়ামাল নয়, পুরো স্পেন দলকেই সমান গুরুত্ব দিচ্ছেন আর্জেন্টাইন কোচ। তিনি জানান, সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে গত বছরের ডিসেম্বর থেকেই লুইস দে লা ফুয়েন্তের দলকে বিশ্লেষণ করে আসছে তার কোচিং স্টাফ।
স্কালোনি বলেন, স্পেনের সবকিছুই আমাদের ভাবাচ্ছে। অবশ্য আমরা চেষ্টা করব তাদের কোচকে যেন হোটেলেই রেখে আসা যায়!—বলেই আবারও হাসির রোল তোলেন তিনি।
এরপর তিনি আরও বলেন, ডিসেম্বর থেকেই সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে স্পেনকে বিশ্লেষণ করছি। তবে অন্য দলগুলোর চেয়ে বেশি নয়। সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে কাজ করেছি। অতিরিক্ত বিশ্লেষণও ভালো নয়। তারা কীভাবে খেলে, সেটা আমরা ভালোভাবেই জানি।