তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে মানিকগঞ্জের ঘিওরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টায় ঘিওর উত্তরপাড়া গ্রামবাসীর উদ্যোগে আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমি প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মহসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা, জেলা সহকারী পুলিশ সুপার নুরুল আমিন, জেলা মাদকদ্রব্য প্রসিকিউটর আরিফ মোর্শেদ এবং ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর।
অনুষ্ঠানের সার্বিক আহ্বায়কের দায়িত্ব পালন করেন আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমির জাকির ইকবাল।
আয়োজকেরা জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
তাঁদের মতে, মাদক প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, পরিবার, সমাজ ও স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টাও প্রয়োজন। তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানো এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর সমাবেশে গুরুত্বারোপ করা হয়।
মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
মন্তব্য করুন