ব্রাহ্মণবাড়িয়ায় কওমি শিক্ষার্থীদের একাংশের আপত্তির মুখে প্রদর্শনী স্থগিত হওয়ার পর এবার কক্সবাজারে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা তানিম নূরের আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। ফিল্ম সোসাইটির উদ্যোগে সমুদ্রসৈকতের শহরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসব ‘কক্সবাজার টকিজ’।
আগামী ৫ ও ৬ জুন কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি করে মোট ছয়টি সিনেমা প্রদর্শিত হবে এই উৎসবে।
আয়োজকরা জানিয়েছেন, সাধারণ দর্শকদের জন্য টিকিট মূল্য ১০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ সুবিধা হিসেবে একটি টিকিটে তিনটি সিনেমা দেখার সুযোগ থাকছে। টিকিট অনলাইনে ও সরাসরি সংগ্রহ করা যাবে।
উৎসবের প্রথম দিন, ৫ জুন বিকেল ৩টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, যা দিয়ে শুরু হবে এবারের আয়োজন। এরপর সন্ধ্যা ৬টায় দেখানো হবে শাহীন দিল-রিয়াজ পরিচালিত ‘রাকিব খান: দ্য প্রজেকশনিস্ট’, এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’।
পরের দিন অর্থাৎ ৬ জুন বিকেল ৩টায় প্রদর্শিত হবে ধ্রুব হাসানের ‘ফাতিমা’। এরপর বিকেল সাড়ে ৫টায় দেখানো হবে ফজলে রাব্বির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ইটারনাল জার্নি’। উৎসবের শেষ ও সমাপনী প্রদর্শনী হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে বহুল আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।
আয়োজকরা বলছেন, এই প্রদর্শনী দর্শকদের জন্য সমসাময়িক বাংলা সিনেমার একটি বৈচিত্র্যময় অভিজ্ঞতা তৈরি করবে। বিভিন্ন ঘরানার চলচ্চিত্র একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা।
সব মিলিয়ে বিতর্কের পরও ‘বনলতা এক্সপ্রেস’ এবার সমুদ্রনগরী কক্সবাজারে নতুন করে দর্শকদের সামনে আসছে, যা ঘিরে আগ্রহ তৈরি হয়েছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।
মন্তব্য করুন