মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পথে গাড়ি থেকে নেমে প্রটোকল ভেঙে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেন। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থান করে বন্দরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
বিকেল সোয়া ৪টার দিকে জেটি থেকে বের হয়ে বেজার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে গাড়ি থেকে নেমে জনগণের সঙ্গে মিশে যান তিনি।
এ সময় হাত নেড়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান তারেক রহমান। পাশাপাশি কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রীর মোংলা বন্দর ও বেজার বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
পরিদর্শনের মাধ্যমে বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন