জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের দ্বিপক্ষীয় সফরে টোকিও যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক বা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব স্মারকের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হতে পারে।
সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার আধুনিকীকরণ।
চার দিনের এ সফরে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পেতে পারে। বিশেষ করে বাণিজ্য, দক্ষ জনশক্তি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মতো ক্ষেত্রে সমঝোতা হলে তা ভবিষ্যৎ সহযোগিতার পথ সুগম করতে পারে।
তবে সফরে কোন কোন সমঝোতা স্মারক চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন