মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত এলাকায় ভারত থেকে সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর একটি প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসীরা। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
শনিবার ভোরে সীমান্তের ১০৪ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও বিজিবির তথ্য অনুযায়ী, শিশু, নারী ও পুরুষসহ সাতজনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিষয়টি জানতে পেরে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রতিরোধ গড়ে তোলে।
সাতজনের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং একটি শিশু রয়েছে বলে জানা গেছে। বাধার মুখে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারেনি এবং পরে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যায়। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের পাশে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোররাতে সীমান্তের গেট খুলে ওই ব্যক্তিদের বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তবে গ্রামবাসী ও বিজিবির সতর্ক অবস্থানের কারণে সেই উদ্যোগ সফল হয়নি।
ঘটনার পর থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হ্যান্ডমাইকের মাধ্যমে সীমান্ত এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে নিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) আহ্বান জানানো হয়েছে।
তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছে।
মন্তব্য করুন