চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় সরকারি জমি দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (রাত) ফয়’স লেক ও লেকভ্যালি আবাসিক এলাকার আশপাশে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, লেকভ্যালি আবাসিক এলাকার একটি সরকারি জমিতে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এক পক্ষ দেয়াল নির্মাণের উদ্যোগ নিলে অপর পক্ষ তা ভেঙে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে প্রথমে উত্তেজনা সৃষ্টি হলেও পরে উভয় পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচলও ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার স্বার্থে ঘরের ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফয়’স লেক ও আশপাশের পাহাড়ি এলাকায় সরকারি মালিকানাধীন বেশ কিছু জমি রয়েছে। এসব জমির নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সর্বশেষ এই বিরোধই সংঘর্ষের রূপ নেয়।
ঘটনার খবর পেয়ে খুলশী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
চট্টগ্রাম নগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ৮ থেকে ১০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজন ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। কারা এই সংঘর্ষের নেতৃত্ব দিয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন