সাইবার নিরাপত্তা নিয়ে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। বৈঠকটি গুরুত্বপূর্ণ হলেও সম্প্রতি রাশিয়ার ডেটা সেন্টারগুলোতে ইউক্রেনের ড্রোন হামলার কারণে এটি আয়োজন করা হচ্ছে না বলে স্পষ্ট করেছে রুশ প্রশাসন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে সুযোগ তৈরি করেছে এবং কাজের দক্ষতা বাড়িয়েছে। তবে এই প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা যেকোনো দেশের অর্থনীতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।
পেসকভ বলেন, এ ধরনের ঝুঁকি থেকে রাশিয়াও মুক্ত নয়। তাই সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটিকে প্রস্তুত থাকতে হবে। এ কারণেই প্রেসিডেন্ট পুতিন এ বৈঠকের উদ্যোগ নিয়েছেন। এতে সরকারের মন্ত্রী ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা অংশ নেবেন।
ক্রেমলিন বৈঠকের সঙ্গে ড্রোন হামলার কোনো সম্পর্ক না থাকার কথা জানালেও এর আগে রাশিয়ার বৃহত্তম ডেটা সেন্টারে হামলার ঘটনা ঘটেছে। কেন্দ্রটির মালিক রাশিয়ার বৃহত্তম ব্যাংক ও প্রযুক্তি প্রতিষ্ঠান এসবারব্যাংক জানিয়েছে, হামলার পরও তাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বুধবার এসবারব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা আলেক্সান্ডার ভেদিয়াখিন সাংবাদিকদের বলেন, ভোলগা নদীর তীরবর্তী সারাতভ অঞ্চলে অবস্থিত ডেটা সেন্টারটিতে হামলা হয়েছে। তবে প্রতিষ্ঠানের সব ব্যবস্থা ও সেবা আগের মতোই সচল রয়েছে।
এর আগে গত এক সপ্তাহে রাশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়ানডেক্সের মালিকানাধীন তিনটি ডেটা সেন্টারেও হামলার ঘটনা ঘটে।
ইউক্রেনের দাবি, রাশিয়ার হামলায় তাদের ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার জবাবেই তারা এ ধরনের হামলা চালাচ্ছে।
রাশিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে এসবারব্যাংক ও ইয়ানডেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠান দুটির তৈরি গিগাচ্যাট ও ইয়ানডেক্সজিপিটি মডেল দেশটির এআই বাজারে প্রতিযোগিতা করছে।
সূত্র: রয়টার্স
মন্তব্য করুন