চার দিনের সফরে জাপানে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বৈঠকের বিষয়বস্তু ও বাংলাদেশ-জাপান সম্পর্ক নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন জাপানের প্রধানমন্ত্রী।
তারেক রহমানের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক করতে পেরে তিনি আনন্দিত। গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধে বিশ্বাসী বন্ধু হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য সরাসরি অভিনন্দন জানানোর সুযোগ পেয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।
সানায়ে তাকাইচি বলেন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত তারেক রহমানের সরকার এবং বাংলাদেশের উন্নয়ন ও জাতি গঠনের প্রচেষ্টাকে জাপান জোরালোভাবে সমর্থন করবে।
জাপানের প্রধানমন্ত্রী জানান, বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক বাস্তবায়নে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দুই দেশের সহযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ জোন’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এ লক্ষ্যে ‘শেয়ারিং সমৃদ্ধি বিগ-বি’ নামে নতুন একটি কৌশলগত সহযোগিতামূলক উদ্যোগ এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে সানায়ে তাকাইচি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে পথচলা এবং বাংলাদেশের স্বাধীনতার পর জাপানের প্রাথমিক স্বীকৃতির বিষয়টি উল্লেখ করেন।
এ সময় বাংলাদেশের জনগণের কাছে জাপানের বিশেষ অবস্থানের কথা তুলে ধরে বিভিন্ন ক্ষেত্রে জাপান সরকার ও দেশটির জনগণের দেওয়া সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রায় ১৭ কোটি মানুষের এই দেশের তরুণ জনগোষ্ঠী ও বাজার জাপানের অর্থনীতির জন্য উল্লেখযোগ্য সম্ভাবনা তৈরি করেছে।
তিনি জানান, বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্বের আওতায় প্রকাশিত যৌথ বিবৃতি দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগের মাধ্যমে শক্তি ও সমৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সানায়ে তাকাইচি আরও বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান।
মন্তব্য করুন