পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তিশালী হয়ে ওঠায় ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ওড়িশার একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পাশাপাশি বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার পুরী, গজপতি, গঞ্জাম, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, এসব এলাকায় ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
এ ছাড়া বালাসোর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রপাড়া, কটক, কেওনঝার, ময়ূরভঞ্জ, কান্ধমাল, কালাহান্ডি, নবরঙ্গপুর, খুরদা, নয়াগড়, জগৎসিংহপুর, নুয়াপাড়া ও বালাঙ্গির জেলায় হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন।
পরিস্থিতির অবনতি এড়াতে উপকূলীয় এলাকার বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশেও। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক প্রখর জৈন জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২৫ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির ইয়ানাম উপকূলের মধ্যবর্তী বাপতলা ও বিশাখাপত্তনমের কাছাকাছি কোনো এলাকায় এটি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা এবং ওড়িশার দক্ষিণ উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বহু ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে।
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ঝাড়খণ্ডের কয়েকটি এলাকায় টানা তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে রাজ্যের সব জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্ভাব্য বৃষ্টিপাত ও দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাতেও পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় এর প্রভাব থাকার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উপকূলসংলগ্ন কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলসংলগ্ন সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এ কারণে মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে তাঁদের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
অন্যদিকে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার এসব এলাকার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ঘূর্ণিঝড়টির গতিপথ ও তীব্রতার ওপর নির্ভর করে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। তাই সংশ্লিষ্ট রাজ্যগুলোর প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন