আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ নাকচ করেছে ১১ দলীয় ঐক্য। উল্টো বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করে নির্বাচনে জয়ী হওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ জানান, সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। ছয়টি পথসভার মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হবে।
তিনি আশা প্রকাশ করেন, লংমার্চ শান্তিপূর্ণ ও জনবান্ধব হবে।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের মাধ্যমে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
নির্বাচনে কারচুপির চেষ্টা করা হলে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন হামিদুর রহমান আযাদ।
ব্রিফিংয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, মাদক সমস্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি।
এ ছাড়া সরকারি নিয়োগ ও বদলিতে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
মন্তব্য করুন