ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকে থানায় নিয়ে গেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা রাজু ভাস্কর্যের সামনে অনশন শুরু করেন। অনশনকারীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী রয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে যান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন নেতা-কর্মী। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে চারজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ফেরদৌস খান, অমর একুশে হল শাখার সাবেক সহসভাপতি একরাম গাজী হৃদয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখার সাবেক উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম এবং একই হল শাখার সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান মনির।
ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাওন বলেন, অনশন কর্মসূচি থেকে তাঁরা ছাত্রলীগের চার নেতাকে পেয়েছেন। তাঁরা বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। পরে পুলিশ এসে তাঁদের নিয়ে যায়।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দলের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। চারজন ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন বলে নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন