বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রিদুয়ানুল হক। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন জানান, ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ মামলায় দীপু মনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে সে সময় অন্য মামলায় রিমান্ড ও হাজিরা এবং আইসিটি আদালতে মামলা থাকায় তদন্তকারী কর্মকর্তা তাঁকে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে পারেননি।
পরে চলতি বছরের অক্টোবর মাসে তদন্তকারী কর্মকর্তা রিমান্ড কার্যকরের জন্য আদালতে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ১৫ কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকর করার নির্দেশ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, গত বুধবার দীপু মনিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। ওই দিন বিকেল ৩টার দিকে আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় হাফিজুলের বাবা আবু বক্কর শিকদার ২০২৪ সালের ২১ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মন্তব্য করুন